ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছেলের গোয়ালঘরে ঠাঁই বৃদ্ধার

ছেলের গোয়ালঘরে ঠাঁই বৃদ্ধার
×

উলফৎ নেছা

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি 

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ০৭:২২

| প্রিন্ট সংস্করণ

ভোলার চরফ্যাসনে এক মায়ের ঠাঁই হয়েছে ছেলের গোয়ালঘরে। উলফৎ নেছা নামে ওই নারী গোয়ালঘরে চটের মেঝেতে বিছানা পেতে কয়েক মাস ধরে বসবাস করছেন। শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, উলফৎ নেছা তিন ছেলে ও দুই মেয়ের মা। প্রায় ২০ বছর আগে তাঁর স্বামী খলিলুর রহমান মারা যান। স্বামীর মৃত্যুর পর তিন সন্তান তাদের নামে বাড়িঘর লিখে নেন। তাঁর তিন ছেলে আবদুস সহিদ, মো. নিরব ও মো. বাছেদ দিনমজুর। বিছানায় মলমূত্র ত্যাগ করে এমন অজুহাতে উলফৎ নেছাকে বসতঘরের পাশের মাটির গোয়ালঘরে রেখে আসেন ছেলে ও পুত্রবধূরা। গোয়ালঘরের মেঝেতে চটের বিছানায় তাঁকে থাকতে দেওয়া হয়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উলফৎ নেছা গোয়ালঘরে চটের বিছানায় শুয়ে আছেন। আশপাশে গরু বেঁধে রাখা। অন্য পাশে কাপড়ের প্রাচীর দিয়ে বৃদ্ধার আবাসস্থল। 
ভিডিও নজরে আসে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের। গতকাল তিনি ওই নারীর বাড়ি পরিদর্শন করে ভরণপোষণের দায়িত্ব নিয়ে বড় মেয়ে ফজিলত বেগমের জিম্মায় রেখে আসেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ভিডিও দেখার পরে ওই বৃদ্ধার ছেলেকে থানায় ডেকে এনে তাঁর মাকে বসত ঘরে তোলার জন্য বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা সারমিন মিথি জানান, বিষয়টি তিনি জেনেছেন। দ্রুত সময়ের মধ্যে সমাজসেবা কর্মকর্তাকে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 
 

আরও পড়ুন

×