ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়া

শিবগঞ্জে নতুন ঘর পেলেন জুলাই শহীদের মা

শিবগঞ্জে নতুন ঘর পেলেন জুলাই শহীদের মা
×

বগুড়ার জুলাই শহীদ রনির মায়ের হাতে ঘরের চাবি তুলে দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২১:৫৪

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত বগুড়ার শিবগঞ্জ উপজেলার রনি মিয়ার জরাজীর্ণ ঘরটি ভেঙে নতুন করে ঘর করে দিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। রোববার রনির মায়ের হাতে ঘরের চাবি দিয়ে ঘরটি বুঝিয়ে দেন তিনি।

এছাড়া একই আন্দোলনে নিহত সেলিম মাস্টারের পরিবারকেও একটি ঘর করে দেন তিনি। এদিন দুই শহীদের নামে দুটি সড়কের নামকরণ করা হয়।

শহীদ রনির মা সাহেনা বেওয়া দীর্ঘদিন ধরে জীর্ণ মাটির ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। তার অসহায় অবস্থার কথা জেনে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করেন মীর শাহে আলম। নতুন ঘর হাতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন সাহেনা বেওয়া। তিনি বলেন, ‘হামার ছল (ছেলে) মরে যাবার পর আমাকে নতুন বাড়ি করে দিলো, এখন ভাল থাকতে পারমো (পারব)।

বগুড়ার আহত জুলাইযোদ্ধা মুশফিক সোহাগের শরীরে ছিল তিন শতাধিক গুলির ক্ষত। তিনি মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তার চিকিৎসার দায়িত্বও নেন মীর শাহে আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় তাকে ব্যাংককে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।

শহীদ সেলিম মাস্টারের মা রাহেলা খাতুন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঘর পেয়ে আমি অনেক খুশি। অন্তত থাকার একটি জায়গা হলো।

আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলম বলেন, আমি আমার নেতা তারেক রহমানের নির্দেশে এই মানবতামূলক কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন

×