ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরতালের ঘোষণা দিয়ে প্রত্যাহার একাংশের

হরতালের ঘোষণা দিয়ে প্রত্যাহার একাংশের
×

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি নিয়ে বিবাদে জড়িয়েছেন নেতাকর্মীরা। ওই কমিটিকে ‘আওয়ামী লীগ পুনর্বাসন কমিটি’ আখ্যা দিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করছেন একাংশের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবারের মধ্যে কমিটি বাতিলের ঘোষণা না এলে তারা এদিন অর্ধদিবস হরতালের ঘোষণা দেন। তবে বুধবার রাতেই সেই কর্মসূচি প্রত্যাহার করেন তারা। অপরদিকে উপজেলা বিএনপির নতুন সভাপতি জানিয়েছেন, এদিন বিকেলে তারা শোভাযাত্রা (র‍্যালি) বের করবেন। এ নিয়ে সংঘর্ষের আশঙ্কা করছেন নেতাকর্মীরা। 

গত বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্য সচিব একেএম কিবরিয়ার যৌথ স্বাক্ষরে উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়। দলের একাংশের নেতাকর্মীরা ওই কমিটি প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষ্য, কমিটিগুলোর ৭৫ শতাংশ নাম আওয়ামী লীগের নেতাকর্মীর। 

প্রতিবাদী অংশের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুর রহমান। তারা অভিযোগ করেছেন, প্রায় ৭৫ শতাংশ আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে গঠিত কমিটি তারা মানেন না। এ কমিটি বিলুপ্ত করতে হবে। না হলে পর্যায়ক্রমে তাদের আন্দোলন চলবে। 

মঙ্গলবার রাতে এ অংশের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। পরে সদর বাজারের চৌরাস্তায় সমাবেশে মিলিত হন তারা। সেখানে বক্তারা 
বলেন, বৃহস্পতিবারের মধ্যে কমিটি বিলুপ্ত না করলে সেদিন অর্ধদিবস হরতাল পালন করবেন। তবে বুধবার রাতে তারা জানান, বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও রাতে আবারও মশাল মিছিল করবেন।
এই পক্ষের অভিযোগ অস্বীকার করে উপজেলা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক নূর জামাল খশরু ও পৌর কমিটির সভাপতি রবিউল হক রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কমিটিগুলো দেওয়া হয়েছে। কমিটিতে যারা আছেন তারা দলের পরীক্ষিত নেতা। দলের জন্য জেল খেটেছেন; অনেক নির্যাতন সহ্য করে টিকে আছেন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস গতকাল বুধবার জানিয়েছেন, নতুন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে সদর বাজারে শোভাযাত্রা বের করা হবে। অন্য পক্ষের নেতাকর্মীদের অর্ধদিবস হরতাল বিষয়ে তাঁর কিছু জানা নেই।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম বলেন, ‘সামাজিক মাধ্যমে হরতালের কথা শুনেছি। তবে হরতালের নামে কোনো ধরনের নাশকতা চলবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের ভাষ্য, উপজেলায় কোনো হরতাল চলবে না। হরতালের নামে কেউ নাশকতা সৃষ্টি করতে চাইলে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনার 
ঘোষণা দেন তিনি। 

 

আরও পড়ুন

×