ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা-৬

মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
×

কুমিল্লায় মহাসড়ক অবরোধ বিএনপি নেতাকর্মীদের। ছবি-সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ০০:৪২

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা। সোমবার রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে হাজারো নেতাকর্মী কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

রাত ১০টার দিকে কান্দিরপাড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। এ সময় বেশ কিছু বিকট শব্দ শোনা যায়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটিকে তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ দাবি করে জানান, এ সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছেন।

নেতাকর্মীদের দাবি, “কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নেই।”
হাজী ইয়াছিনের শিল্প-প্রতিষ্ঠানে কুমিল্লার বিএনপির অসংখ্য নেতাকর্মীর স্বজন কর্মরত আছেন—যা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বড় ভূমিকা রেখেছে বলেও জানান নেতাকর্মীরা।

নেতাকর্মীদের ভাষ্য—এমন একজন পরিচ্ছন্ন ও নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্বকে মনোনয়ন না দেওয়া হতাশাজনক।

রাত পৌনে ১২টা পর্যন্ত বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সড়ক অবরোধ করে রাখেন। 

ঘটনাস্থল থেকে হাইওয়ে ময়নামতি থানার ওসি ইকবাল বাহার মজুমদার সমকালকে বলেন, রাত ১১টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। উভয় লেনে অনেক গাড়ি আটকা। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। 

আরও পড়ুন

×