ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাড়ি ফিরলেন সেই গৃহবধূ, নিরাপত্তার আশ্বাস জেলা প্রশাসন ও পুলিশের

বাড়ি ফিরলেন সেই গৃহবধূ, নিরাপত্তার আশ্বাস জেলা প্রশাসন ও পুলিশের
×

প্রতীকী ছবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ১৯:০৬ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ | ১৯:৪৯

বরগুনার আমতলীতে দুই দফায় দলবদ্ধ ধর্ষণের শিকার হিন্দু গৃহবধূ বাড়ি ফিরেছেন। জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর শনিবার দুপুরে তিনি বাড়ি ফেরেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় পরিবারটির নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা সাংবাদিকদের জানান। 

উপজেলার হলদিয়া ইউনিয়নের একটি গ্রামের বাড়িতে প্রথম দফায় ২৩ অক্টোবর বিকেলে ধর্ষণের শিকার হন ওই নারী। স্থানীয় দুই দুর্বৃত্ত সেদিন ধর্ষণ করে। একই কায়দায় ওই নারীর ওপর দ্বিতীয় দফায় নির্যাতন চালানো হয় ২৯ অক্টোবর। সেদিন তার ওপর চালানো নিপীড়নের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে আরেকজন। পরে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

এ বিষয়ে শুক্রবার সমকালে ‘দুই দফায় ধর্ষণের শিকার গৃহবধূ এখন গ্রামছাড়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর তোলপাড় শুরু হয় দেশজুড়ে। ভুক্তভোগী নারী একই গ্রামের সাইফুল ইসলাম হাওলাদার (২৫), মো. ইমরান হাওলাদার (৩০) ও ইমরানের ভাই ইমরাজ হাওলাদারের বিরুদ্ধে ১ নভেম্বর আমতলী থানায় মামলা করেন। সেই রাতেই পুলিশ দুই নম্বর আসামি ইমরানকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও করা হয়। মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয় তিন নম্বর আসামি ও ধর্ষণের ভিডিও ধারণকারী ইমরাজ। তবে বুধবারই আমতলীর আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে ইমরান মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে।
 
এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী নারী নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বাড়িতে ফিরতে ভয় পাচ্ছিলেন তার স্বামী ও দুই ছেলে। শনিবার বিকেলে পরিবারটির খোঁজ নিতে যান আমতলীর ইউএনও মো. রোকনুজ্জামান খান, আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান, বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সুশান্ত কুমার বেপারী, উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসু প্রমুখ। এ সময় তারা গ্রামবাসী ও ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

ইউএনও মো. রোকনুজ্জামান খান জানান, ওসিকে নিয়ে শনিবার বিকেলে নির্যাতিত পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন। তাদের পরিবারের ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন। তাদের  নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী ওই নারীর পরিবারটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি নজরদারি রাখা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার মো. আল মামুন সিকদারের ভাষ্য, পুলিশের পক্ষ থেকে পরিবারটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আরও পড়ুন

×