ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঋণের কিস্তির জন্য শিশু সন্তানসহ মাকে আটকে রাখার অভিযোগ

ঋণের কিস্তির জন্য শিশু সন্তানসহ মাকে আটকে রাখার অভিযোগ
×

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ২০:২০ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ | ২১:০৬

ঋণের কিস্তির জন্য তিন বছরের মেয়েসহ এক মাকে আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে তার হাতের আংটি, নাকফুল ও পিতলের একটি বদনা রেখে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারীতে। গত ২৯ অক্টোবরের এই ঘটনা জানাজানি হয় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। 

ভুক্তভোগী শ্রাবণী হীরা (২২) চিতলমারী সদর ইউনিয়নের আড়ুয়াবর্নি গ্রামের দিনমজুর রিপন রায়ের স্ত্রী। তিনি স্থানীয় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (ডিএফইডি) চিতলমারী শাখা থেকে মাছ চাষ প্রকল্পের আওতায় ২০২৪ সালের সেপ্টেম্বরে ৪০ হাজার টাকা ঋণ নেন। লাভসহ তার ৪৬টি কিস্তিতে ৪৫ হাজার ১২০ টাকা পরিশোধ করার কথা। প্রতি সপ্তাহে তাকে এক হাজার টাকা করে কিস্তি দিতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত আগস্ট-সেপ্টেম্বরের কিস্তি পরিশোধ করতে পারেননি শ্রাবণী। কাজের খোঁজে এলাকা ছেড়েছেন তার স্বামী রিপন রায়। এতে ওই নারীও বিপাকে পড়েন। 

শ্রাবণী হীরা জানান, বকেয়া কিস্তির জন্য গত ২৯ অক্টোবর সকাল ১০টায় ডিএফইডি কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে অফিসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে তিন বছরের মেয়েসহ তালাবদ্ধ করে রাখা হয়। পরে এনজিও কর্মকর্তারা ফিল্ড থেকে ফিরে বিকেলে তার কাছ থেকে দুটি ফাঁকা স্ট্যাম্পে সই নেন। জোর করে হাতের আংটি, নাকফুল ও পিতলের একটি বদনা নিয়ে ভিডিও ধারণ করে রাখে। ভয়ে তিনি কাউকে কিছু বলেননি।

শ্রাবণী হীরার সদস্য পাস বইয়ে আংটি বাবদ আট হাজার টাকা ও বদনা বাবদ এক হাজার ৫০০ টাকা জমা দেখানো হয়েছে। এ বিষয়ে ডিএফইডি চিতলমারী শাখার ব্যবস্থাপক বাসুদেব দেবনাথ বলেন, ‘গৃহবধূ শ্রাবণীর কিস্তিখেলাপি। তার কাছ থেকে নাকফুল নেওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি আমরা খতিয়ে দেখব।’

এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, ভুক্তভোগী নারী বা অন্য কেউ মৌখিক বা লিখিতভাবে কিছু জানাননি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×