বাগেরহাট-২ থেকে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন যুগ্ম মূখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১৯:৪২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক সাবেক ছাত্রনেতা মোল্যা রহমাতুল্লাহ। গত সোমবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোল্যা রহমাতুল্লাহ জানান, গণঅভ্যুত্থানের গর্ভ থেকে এনসিপির জন্ম হয়েছে। যে আকাঙ্ক্ষা থেকে আমরা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম; আমাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। কেন বাস্তবায়ন হয়নি তা আমরা সবাই জানি। অভ্যুত্থানের ৭ মাসের পর বাধ্য হয়ে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। অভ্যুত্থান পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো অতীত রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি ধারণ করতে ব্যর্থ হয়েছে। এক দস্যুর দল পালিয়ে গেছে, এখন আরেক দস্যুর দল ক্ষমতায় যেতে উদ্গ্রীব, লোভাতুর হয়ে আছে। রাজনীতির এই নষ্ট সংস্কৃতি বদলে দেবার আকাঙ্ক্ষা আমাদের।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোল্যা রহমাতুল্লাহ বলেন, আমাদের সামনে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ এসেছে। সুযোগ এসেছে আমাদের সংসদীয় আসনগুলো পুনর্গঠনের। স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরের ইতিহাসে আমার সংসদীয় আসনে আমরা কোনো যথাযোগ্য নেতাকে নির্বাচিত করতে পারিনি। দুঃখজনক হলেও সত্য, এই আসন থেকে আজ পর্যন্ত কোনো জাতীয় নেতা বের হয়নি। বাংলাদেশের ইতিহাসে আমাদের এই আসনটি চির অবহেলিত একটি আসন। মোংলা বন্দর, মোংলা ইপিজেড, অসংখ্য কল-কারখানাসহ সুন্দরবনের মত পর্যটন কেন্দ্র থাকা সত্ত্বেও বাস্তবমুখী পরিকল্পনার অভাবে এই জনপদের মানুষকে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হচ্ছে। আমি বৃহত্তর পরিসরে এবং সরাসরি জনতার সঙ্গে কাজ করবার অভিপ্রায় থেকে জাতীয় রাজনীতিতে পা দিয়েছি।
বাগেরহাটবাসীর কল্যাণে কাজ করতে মোল্যা রহমাতুল্লাহ সবার দোয়া, পরামর্শ ও সমর্থনের অনুরোধ জানিয়ে বলেন, বাগেরহাটে আমার জন্ম এবং বেড়ে ওঠা। জনপদের মানুষের সুখ-দুঃখের অনুভূতিগুলো খুব কাছ থেকে উপলব্ধি করতে পারি, এনারা আমার স্বজন। আমি আমার স্বজনদের বলব, আমার ওপর আস্থা রাখুন। আমি দায় ও দরদের রাজনীতি করি। শুধু নির্বাচন বা ভোটকেন্দ্রিক নয়, আপনাদের সঙ্গে যে রাজনৈতিক যোগাযোগ স্থাপন হয়েছে, তা আমি আমৃত্যু রক্ষা করব। আমি আমার দেশের কাছে, দেশের মানুষের কাছে, আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন।
- বিষয় :
- এনসিপি
- বাগেরহাট-২
