ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

২৪ ঘণ্টার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার দাবি 

২৪ ঘণ্টার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার দাবি 
×

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি-সংগৃহীত

‎বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০৪:০০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (ব্রাকসু) তপশিল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহজামান বরাবর স্মারকলিপি দেন।

‎শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তপশিল ঘোষণা না হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন করবে। এর জন্য প্রশাসন দায়ী থাকবে।

‎অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবীর ইসলাম বলেন, তপশিল ঘোষণা না করায় নির্বাচন হবে কিনা বুঝতে পারছি না। দোদুল্যমান অবস্থার মধ্যে আছি। আমাদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে তপশিল ঘোষণা। প্রশাসন দাবি পূরণে ব্যর্থ হলে শিক্ষার্থীরা যা করবে, এর জন্য প্রশাসন দায়ী থাকবে। 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, গঠনতন্ত্র পাওয়ার ২০ দিন পেরিয়ে গেছে। নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা পাচ্ছি না। আজকে স্মারকলিপি দিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা চাই। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। 

‎বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, উপাচার্য বলেছিলেন এ বছরের মধ্যে নির্বাচন হবে। যারা দায়িত্বে আছেন তারা যেন নির্বাচনের কাজ করে। অথচ এখনও কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি। সামনে জাতীয় নির্বাচন ঘিরে নানা ধরনের পরিস্থিতি বিরাজমান। এ অবস্থায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

‎প্রধান নির্বাচন কমিশনার ড. শাহজামান জানান, শিগগিরই আচরণবিধি প্রকাশ করা হবে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা মতামত দেবেন। পরে সিন্ডিকেট সভায় পাস হবে। রাজশাহী, ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নির্বাচনসংক্রান্ত নীতিমালা চাওয়া হয়েছে। এসব প্রক্রিয়া শেষে দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা করব।
 

আরও পড়ুন

×