ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে

সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে
×
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০০:৪১ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ০০:৪৫

রাজধানীর পল্টনে সাবেক সিআইডি প্রধান অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি ফেলে পালিয়ে যান চালক। একটি সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে।

গতকাল শনিবার রাত ৮টার দিকে পল্টন বক্স কালভার্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। আহত সুলতানকে পথচারীরা উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান।

দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। তবে গাড়ির চালককে আটক করা যায়নি।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সমকালকে বলেন, গাড়িটি থানায় নেওয়া হয়েছে। তবে গাড়িটির মালিকানা নিশ্চিত হওয়া যায়নি। শুনেছেন, এটি সাবেক এক পুলিশ কর্মকর্তার গাড়ি। দুর্ঘটনার সময় কে গাড়ি চালাচ্ছিলেন, সেটিও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তবে একটি সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ছেলে। দুর্ঘটনার পর তিনি গাড়িটি ফেলে চলে যান।

আরও পড়ুন

×