ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

সেই ছাত্রলীগ নেতা এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য

সেই ছাত্রলীগ নেতা এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য
×
×

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০১:০৪

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। অবশ্য ওই ছাত্রলীগ নেতার বাবার দাবি করেছেন, তাঁর ছেলে মেধাবী ছিলেন। পুলিশি হয়রানির কারণে তিনি প্রস্তুতি নিতে পারেননি। 

এদিকে, প্রিন্সকে কড়া পুলিশ পাহারায় সিলেটের বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। 

গ্রেপ্তার প্রিন্সের পরিবার পৌর শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় বসবাস করছে। তিনি ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা রয়েছে। 

প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ চৌধুরী শনিবার সন্ধ্যায় জানান, তাঁর ছেলে পুরোপুরি সুস্থ হননি। তবে তিনি কথাবার্তা বলতে পারছেন। ডাক্তার অনেক পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তাঁর আশপাশে কড়া পুলিশ পাহারা রয়েছে। তিনি দাবি করেন, গত এক বছরে দফায় দফায় তাঁর ছেলেকে ১২০ দিন জেলে রাখা হয়েছে। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৪.৮৯ পেয়েছিলেন। এবার কারাগারে থেকে তিনি পরীক্ষা দিয়েছেন। এ জন্য ভালো প্রস্তুতি নিতে পারেননি। এইচএসসিতে পদার্থ ও রসায়নে খারাপ করেছেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বলেন, সুনামগঞ্জ-সিলেট মিলিয়ে পাঁচজন সরকারি ডাক্তার প্রিন্সের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। শরীরে কোনো আঘাত পাননি। তাঁর খিঁচুনি রোগ আছে। সিলেটের বেসরকারি হাসপাতালে থেকে তিনি অনলাইনে সক্রিয়, গুজব ছড়াচ্ছেন। তাঁর হয়ে পুলিশকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে ফোন নম্বর দিয়ে জিডি করা হয়েছে। তাঁকে রাখা হাসপাতালেও পুলিশ বাড়ানো হয়েছে।
 

আরও পড়ুন

×