বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছর উদযাপন
বারভিডা কার প্রদর্শনি শুরু ৫ নভেম্বর
সংবাদ সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০১:২৭
বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের গৌরবময় যাত্রা উদযাপন এবং রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও গতিশীল করতে আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার প্রদর্শনি। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী চলবে ৭ নভেম্বর পর্যন্ত। শনিবার পল্টনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বারভিডার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব রিয়াজ রহমান জানান, মেলায় জাপানের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শন করা হবে। একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার পাশাপাশি মডেল, বৈশিষ্ট্য, প্রযুক্তি ও দাম তুলনা করার সুযোগ পাবেন দর্শনার্থীরা। বিনা ফিতে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে।
তিনি বলেন, মেলায় টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের জনপ্রিয় বিভিন্ন মডেলের গাড়ি থাকবে। ক্রেতারা বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি বাছাই এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবিত দাম যাচাই করতে পারবেন।
রিয়াজ রহমান বলেন, রিকন্ডিশন্ড গাড়ি শুধু আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এ খাতের সঙ্গে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, প্রযুক্তির বিকাশ, ব্যবসা-বাণিজ্য এবং সরকারের রাজস্ব আয় জড়িত। এ আয়োজনের মাধ্যমে খাতটির অর্থনৈতিক গুরুত্বও তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে বিশেষ ঐতিহাসিক প্রদর্শনী। এতে দেশে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় মডেল, অটোমোবাইল প্রযুক্তির বিবর্তন এবং দেশের পরিবহন খাতে জাপানি গাড়ির অবদান তুলে ধরা হবে। পুরোনো দিনের গাড়ির ছবি থেকে শুরু করে আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তির গাড়ির বিবর্তনও স্থান পাবে এ প্রদর্শনীতে।
- বিষয় :
- জাপান