খুলনা ও বরিশাল বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক
২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস, মিনিবাস, মাইক্রোবাস বন্ধের ঘোষণা। ছবি-সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০৫:৫৯
সড়ক ও মহাসড়কে থ্রি-হুইলার নিষিদ্ধসহ তিন দাবিতে খুলনা ও বরিশাল বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গতকাল রোববার বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দিয়েছেন সাত জেলার ১০টি আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতারা। আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন তারা।
সেখানে দেওয়া বক্তব্যে রূপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি, ইজিবাইক, মাহিন্দ্র, নছিমনসহ সব ধরনের থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে একাধিকবার তাদের প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকে কোনো সমঝোতা হয়নি। তাদের তিন দফা দাবি মেনে না নেওয়ায় খুলনা ও বরিশাল বিভাগের সাতটি জেলার ১০টি বাস মালিক সমিতির পক্ষ থেকে ২ ডিসেম্বর থেকে এ দুই বিভাগের ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের মালিক-শ্রমিকরা নানাভাবে বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আসছেন। সরকারি অনুমোদন ছাড়া বিআরটিসি নামধারী গাড়িগুলো লাগামহীনভাবে চলাচল করছে। নিলামে তোলা বিআরটিসির গাড়ি কিনে কোনোরকম মেরামত করে বিআরটিসির নাম ব্যবহার করেই চলাচল করছে। বিষয়টি সম্পূর্ণ আইনের পরিপন্থি হিসেবে উল্লেখ করেন তিনি। এই পরিবহন নেতার ভাষ্য, এ ছাড়া অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমনের মতো থ্রি-হুইলার যত্রতত্র বেপরোয়াভাবে চলাচল করছে।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সরকারি অনুমোদন ছাড়া চলাচলকারী বিআরটিসি ও ইজারা দেওয়া বিআরটিসির গাড়ি চলাচল বন্ধ; বিআরটিসির পথে থাকা সব কাউন্টার অপসারণ, সরকারি নীতিমালা অনুযায়ী বিআরটিসি ও কাউন্টার চলাচল ক্ষেত্রে জেলার স্ব-স্ব মালিক সমিতির শৃঙ্খলা মেনে পরিচালনা ও ইজিবাইক, মাহিন্দ্রসহ সকল প্রকার থ্রি-হুইলার জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলাচল নিষিদ্ধ করা। তবে পার্শ্বসড়কে থ্রি-হুইলার চলাচল করতে পারবে বলেও জানান নেতারা। পাশাপাশি দূরপাল্লার নামধারী পরিবহনের যানবাহনকে জেলা টার্মিনাল থেকে চলাচলে তাদের বাধা থাকবে না।
- বিষয় :
- ধর্মঘট
