ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জামায়াত নেতার বিবৃতি

বন্দর নিয়ে সরকারের সিদ্ধান্ত জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে

বন্দর নিয়ে সরকারের সিদ্ধান্ত জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ২২:১৮

বন্দর নিয়ে সরকারের সিদ্ধান্ত জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘বন্দর নিয়ে গোপন চুক্তিতে জনঅসন্তোষের দায় ইন্টেরিমের।’ 

আজ বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করেন। বিবৃতিতে তিনটি প্রস্তাবও তুলে ধরেন তিনি। 

বিবৃতিতে মুহাম্মদ শাহজাহান দাবি করেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সংবেদনশীল স্থাপনা। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো করে কোনো অস্বচ্ছ উদ্যোগ গ্রহণের সুযোগ নেই। অথচ, ইন্টেরিম সরকার সেটাই করছে। অস্বচ্ছ ও গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কার্যত বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। যা দেশীয় স্বার্থবিরোধী পদক্ষেপ।’ 

তিনি অভিযোগ করেন, ‘কোনো দরপত্র ছাড়া পতিত স্বৈরাচারের আত্মীয়স্বজন সংশ্লিষ্ট একটি বিদেশি কোম্পানির কাছে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) হস্তান্তরের নানামুখী তৎপরতা চলছে। আরও কয়েকটি টার্মিনাল নিয়েও সরকারের সিদ্ধান্ত জনগণের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা প্রতিনিয়ত বাড়াচ্ছে।’ 

সতর্ক করে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘গোপন চুক্তি বা দরপত্রবিহীন যে কোনো উদ্যোগে জনঅসন্তোষ তৈরি হবে, যার সম্পূর্ণ দায়ভার সরকারের ওপরই বর্তাবে।’

বিবৃতিতে এই জামায়েত নেতার উত্থাপিত তিনটি প্রস্তাব হলো- দেশীয় ব্যবস্থাপনায় বন্দরের উন্নয়ন সম্পন্ন করা, একান্ত প্রয়োজন হলে দক্ষ বিদেশি জনবল নিয়োগ করে তাদের মাধ্যমে দেশীয় কর্মীদের প্রশিক্ষিত করা এবং উন্নত যন্ত্রপাতি এনে সক্ষমতা বাড়ানো।

আরও পড়ুন

×