ফেসবুক পোস্টে ১৮ বছর পর পরিবারের কাছে হনুফা
১৮ বছর পর ছেলের সঙ্গে হনুফা বেগম সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ০৬:৪৬
| প্রিন্ট সংস্করণ
গেল ১৮ বছর ধরে পরিবারহীন চল্লিশোর্ধ্ব হনুফা বেগম। মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরে বেড়াতেন বিভিন্ন স্থানে। এই সময়ের মধ্যে পরিবারের লোকজনও খুঁজে পাননি তাঁকে। হঠাৎ করেই এক ফেসবুক পোস্টের সূত্র ধরে বদলে যায় দৃশ্যপট। নিজের পরিবারের কাছে ফিরে আসেন হনুফা বেগম।
জানা যায়, ৮ নভেম্বর জৈন্তাপুর ইউনিয়নের ইউপি সদস্য নজির আহমদ সামাজিক মাধ্যম ফেসবুকে জৈন্তাপুরের মানসিক ভারসাম্যহীন এক নারী জামালপুরে অবস্থান করছেন জানিয়ে দুটি ছবিসহ একটি পোস্ট দেন। বাংলাদেশ মানবিক টিম নামে একটি পেইজ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইলে তিনি হনুফার বর্তমান ছবি দিয়ে একটি পোস্ট করেন। তাতে তিনি হনুফা বেগমের সন্ধান চান।
তাঁর পোস্ট অনুযায়ী, পরদিন হনুফা বেগমের পরিচয় নিশ্চিত করেন তাঁর বড় ভাই জৈন্তাপুর ইউনিয়নের খায়রুবিল এলাকার বাসিন্দা আব্দুল হেকিম এবং হনুফার স্বামী একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমবাড়ি নলজুড়ি গ্রামের তাজুল ইসলাম।
পরে পোস্টে দেওয়া নম্বরে যোগাযোগ করে তাঁর ছেলে সুমন আহমদ জামালপুর গেলে সেখানে ২৫০ শয্যা হাসপাতালের পাশে তাঁর মাকে দেখতে পান। ১০ নভেম্বর তাঁকে বাড়িতে নিয়ে আসেন।
১৮ বছর পর হনুফা বেগমকে ফিরে পেয়ে পরিবারে আনন্দের বন্যা বইতে শুরু করে। পর্যায়ক্রমে এই ঘটনা প্রকাশ পেলে পরিবারটির সঙ্গে যোগাযোগ করে সমকালের সিলেট ব্যুরো টিম।
পরে হনুফা বেগমের বাড়িতে গেলে ছেলে সুমন আহমদ জানান, তাঁর মায়ের মানসিক সমস্যা ছিল। প্রায় ১৮ বছর আগে তাঁকে আর এক বোনকে রেখে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। অনেক খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। সন্ধান না পেয়ে এক পর্যায়ে তারা আশা ছেড়ে দিয়েছিলেন। পরে ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে ফিরে পান মাকে।
জৈন্তাপুরের ইউপি সদস্য নজির আহমদ বলেন, একটি পোস্টে এমন সাড়া পাব তা কখনও কল্পনাও করতে পারিনি। একটি সামাজিক সংগঠনের পেজে হনুফার সন্ধান চেয়ে পোস্ট করার কয়েকদিনের মাথায় তাঁর সন্ধান মিলেছে। একটি পরিবার তার হারানো স্বজন পেয়েছে এতে তিনি নিজেও আনন্দিত।
- বিষয় :
- পরিবার
