ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

একই মাঠে বিএনপির দুপক্ষের কর্মসূচি, সংঘাতের শঙ্কা

একই মাঠে বিএনপির দুপক্ষের কর্মসূচি, সংঘাতের শঙ্কা
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ০৮:০৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ | ০৯:৩৮

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লা নগরীর টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। টাউন হল মাঠে আজ বৃহস্পতিবার নির্বাচনী সমাবেশ আহ্বান করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কুমিল্লা-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। একই দিন ওই মাঠে দোয়া মাহফিলের আয়োজন করেন মনোনয়নবঞ্চিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিনের অনুসারীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই দোয়া মাহফিল করার কথা।

দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে গত ৩ নভেম্বর মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার পর থেকে টানা ১১ দিন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেন আমিন-উর রশিদ ইয়াছিনের অনুসারীরা। নির্বাচন সামনে রেখে একই মাঠে একই দিনে দু-পক্ষের অনুষ্ঠান আহ্বানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দু-পক্ষই মাঠে কর্মসূচি পালন করার সিদ্ধান্তে অনড় থেকে ফেসবুকে প্রচার চালিয়ে যাচ্ছে। এ নিয়ে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন নগরবাসী।

বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী ও অতিরিক্ত পিপি আবদুল মোতালেব মজুমদার বলেন, ‘গত ১৭ নভেম্বর কর্তৃপক্ষের কাছ থেকে ১০ হাজার টাকায় দুই দিনের জন্য (২০ ও ২১ নভেম্বর) টাউন হল মাঠ ভাড়া নেওয়া হয়েছে। জনসভা বাস্তবায়নে সহযোগিতা চেয়ে বুধবার কোতোয়ালি থানার ওসিকে চিঠি দেওয়া হয়েছে। জনসভা সামনে রেখে শেষ সময়ে এসে জানতে পারলাম, একই মাঠে একই দিন বিএনপির অপর একটি গ্রুপ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে। বিষয়টি আমরা দলীয় নেতাদের ও প্রশাসনকে জানিয়েছি, তারা দেখছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে আমিন-উর রশিদ ইয়াছিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি। তবে তাঁর অনুসারী আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান সমকালকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপজেলা বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার টাউন হল মাঠে দোয়া মাহফিলের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা টাউন হল মাঠ বরাদ্দ চেয়ে গত ১৮ নভেম্বর নগর মিলনায়তনের সদস্য সচিবের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। আমরা নির্ধারিত সময়ে বৃহস্পতিবার কর্মসূচি পালন করব। এখানে অন্য কারও কর্মসূচি আছে কিনা আমাদের জানা নেই।’

বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর ভাষ্য, সব নিয়ম অনুসরণ করে টাউন হল মাঠ বরাদ্দ নেওয়া হয়েছে। দলের জেলা ও মহানগর নেতাকর্মী জনসভা সফল করতে কাজ করছেন এবং বিষয়টিও তারা দেখছেন।

বুধবার সন্ধ্যায় কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, আগে মনিরুল হক চৌধুরীর পক্ষ থেকে ব্যাংকে টাউন হল ভাড়ার টাকাও জমা দেওয়া হয়েছে। দুটি পক্ষই বিএনপি দলীয়। তাই উত্তেজনা না ছড়িয়ে তারা দলীয়ভাবে বিষয়টি সমাধান করবে বলে আশা তাঁর। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

×