সংস্কার নেই মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের প্রবেশপথ সমকাল
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৬:৫৯
| প্রিন্ট সংস্করণ
‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের সমাধিস্থল রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদী গ্রামে। তাঁর স্মৃতি রক্ষায় সেখানে ২০০১ সালে স্থাপিত হয় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। এরপর ২৪ বছরেও সেটির কোনো সংস্কার হয়নি। কেন্দ্রটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে।
বাংলা একাডেমির বাস্তবায়নে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০০১ সালে এক একর ৮৪ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয় স্মৃতিকেন্দ্রটি। এখানে রয়েছে মীর মশাররফ হোসেনের সমাধিসৌধ ও ভাস্কর্য, প্রায় সাড়ে তিন হাজার বইসমৃদ্ধ গ্রন্থাগার, সংগ্রহশালা, সভাকক্ষসহ ১৫টি কক্ষ।
সম্প্রতি পদমদী গ্রামে গিয়ে দেখা যায়, স্মৃতিকেন্দ্রটির সীমানাপ্রাচীর শ্যাওলায় কালো হয়ে গেছে। মূল ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন জায়গা থেকে চুনকাম খসে পড়ছে। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ে। দর্শনার্থীদের জন্য বসার সবক’টি বেঞ্চই ব্যবহারের অনুপযোগী। ২৪টি সিকিউরিটি বাতির মধ্যে মাত্র দুটি ভালো রয়েছে। আগে পত্রিকা রাখা হলেও বর্তমান সেটি বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।
স্মৃতিকেন্দ্রের নিম্নমান সহকারী মো. বাবুল আক্তার জানান, মাসতিনেক আগে ৯টি সমস্যা চিহ্নিত করে বাংলা একাডেমির মহাপরিচালককে জানানো হয়েছে।
বালিয়াকান্দির ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, স্মৃতিকেন্দ্রটি দেখভালসহ পুরো নিয়ন্ত্রণ করে বাংলা একাডেমি। ওখানে স্থানীয় প্রশাসনের মেরামত করার কোনো সুযোগ নেই। তবে সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান হয় সেজন্য তিনি বিষয়টি বাংলা একাডেমিকে জানাবেন।
স্মৃতিকেন্দ্রে দায়িত্বরত বাংলা একাডেমির উপপরিচালক (সংস্কৃতি উপবিভাগ) মোজাম্মেল হক জানান, স্মৃতিকেন্দ্রের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
- বিষয় :
- স্মৃতি
