বীজতলা তৈরির ব্যস্ততায় শুরু বোরো মৌসুম
হবিগঞ্জের লাখাইয়ে বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৭:১৮
| প্রিন্ট সংস্করণ
হাওরবেষ্টিত হবিগঞ্জের লাখাইয়ে শুরু হয়েছে বোরো মৌসুমের বীজতলা তৈরির ব্যস্ততা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে বোরো চাষের জন্য ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই আবাদ নিশ্চিত করতে হাওর ও হাওর নয় এমন মিলিয়ে ৪৯৩ দশমিক ৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ চলছে পুরোদমে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বীজতলার মধ্যে হাওর এলাকায় আবাদের ক্ষেত্রে হাইব্রিড ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২৪ দশমিক ৬ হেক্টর এবং উফশী জাতের ১৩৫ দশমিক ৯০ হেক্টর। হাওরবহির্ভূত এলাকায় হাইব্রিড জাতের ৪৩ দশমিক ৮ হেক্টর ও উফশী জাতের ৮৯ দশমিক ০৫ হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় এবার বীজতলার পরিমাণ দ্বিগুণেরও বেশি। গত মৌসুমে যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১২০ হেক্টর; সেখানে এবার ৪৯৩ হেক্টরের বেশি।
উপজেলার বুল্লা, লাখাইসহ হাওরাঞ্চলের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন বীজতলা তৈরিতে। তারা জানান, হাওরবহির্ভূত এলাকার কাজ পুরোপুরি শুরু হবে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে। যদিও এবার আবহাওয়া অনুকূলে থাকায় সুন্দর মতোই চলছে বীজতলা তৈরির কাজ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা এবং বীজতলা দুটোই বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সময়োপযোগী পদক্ষেপ, কৃষকদের পরামর্শ ও সহায়তা এবং বিভিন্ন উদ্বুদ্ধকরণ কর্মসূচির ফলে কৃষকেরা আবাদে আরও উৎসাহী হয়ে উঠেছেন।
- বিষয় :
- বীজ
