ভারত থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি
মেরে পদ্মায় ফেলার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫১
| প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন দুই বাংলাদেশি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সূত্রের দাবি, তাদের পিটিয়ে মেরে পদ্মায় ফেলে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
পালিয়ে ফিরে আসা দুই ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে উপজেলার পাঁকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন দুজনকে পিটিয়ে মেরে নদীতে ফেলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গরু ব্যবসায়ীরা হলেন মমিন আলী ও রিংকু আলী। রিংকু শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং মমিন আলী পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার রাত ২টার দিকে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমানা পেরিয়ে মমিন আলীসহ চার গরু ব্যবসায়ী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় মমিন ও রিংকু বিএসএফের হাতে আটক হয়। এ সময় বাকি দুজন পালিয়ে আসে। তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, আটক দুজনকে বেধড়ক পিটিয়ে মেরে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে এবং ঘটনাস্থলের বিপরীতে বাংলাদেশের ওয়াহিদপুর সীমান্ত।
অন্যদিকে নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হলে পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানরা কোথায় আছে তা জানাতে সম্মত হয়নি। তবে তারা গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেননি।
মমিনের দুই প্রতিবেশী নাম না প্রকাশ করার শর্তে তাদের ভারতীয় স্বজনের উদ্ধৃতি দিয়ে জানান, তাদের পিটিয়ে মেরে পদ্মায় মরদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। আইনি হয়রানির ভয়ে প্রকাশ্যে কেউ এ নিয়ে কথা বলতে নারাজ বলেও জানান তিনি।
এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, ওয়াহিদপুর সীমান্তে বিজিবি কোনো গোলাগুলির শব্দ পায়নি। আর ভারতেীয় ভূখণ্ডে গিয়ে কেউ নিখোঁজ বা হত্যার শিকার হয়েছে কিনা– তা জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- বিষয় :
- নিখোঁজ
