ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদ্রাসা তালা দিয়ে জামায়াতের সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা

মাদ্রাসা তালা দিয়ে জামায়াতের সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা
×

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ০৭:১৬

| প্রিন্ট সংস্করণ

নীলফামারীর জলঢাকা উপজেলার একটি মাদ্রাসা তালা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা জামায়াতে ইসলামীসহ আট সমমনা দলের সমাবেশে অংশ নেন। মাদ্রাসা বন্ধের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে।
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সমমনা আট দল এই সমাবেশ করে। বুধবার বিকেল ৩টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এটি অনুষ্ঠিত হয়। নীলফামারীর ছয়টি উপজেলা থেকে প্রায় ৪০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেন। এর মধ্যে জলঢাকা উপজেলা থেকে ১০ হাজারের বেশি নেতাকর্মী ছিলেন।

উত্তর দেশীবাই ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার সব শিক্ষক ও শিক্ষার্থী এই সমাবেশ সফল করতে ট্রাকে করে রংপুরে যান। এ কারণে মাদ্রাসা তালাবদ্ধ রাখা হয়। দুপুর ১টার দিকে বিষয়টি জানাজানি হয়। এলাকার কেউ কেউ তখন মাদ্রাসা তালাবদ্ধের ছবি ফেসবুকে লাইভ করেন। তারা এ ঘটনার প্রতিবাদ জানান।
ওই এলাকার বাসিন্দা ওমর ফারুক সরকার বলেন, ‘দুপুর ১টার মধ্যে মাদ্রাসার সব শিক্ষক ও শিক্ষার্থীরা অফিস কক্ষ ও শ্রেণিকক্ষে তালা দেন। এরপর তারা জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশে যোগ দিতে ট্রাকে করে রওনা হন। অথচ এ সময়ে তাদের প্রতিষ্ঠানে থাকার কথা ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এই মাদ্রাসার কয়েকজন শিক্ষক জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের বুঝিয়ে দলের কর্মসূচিতে রংপুরে নিয়ে গেছেন। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
তবে মাদ্রাসা সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সমকালকে বলেন, এ ধরনের কিছুই ঘটেনি।
জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার বলেন, স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দলীয় কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের বাধ্য করা এক ধরনের অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আরও পড়ুন

×