ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি

ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি
×

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৭ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৮

সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দেওয়ার ৬ মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। 

৪০ সদস্য বিশিষ্ট এ কমিটিতে উপজেলার প্রধান সমন্বয়কারীর পদ পেয়েছেন মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ), যুগ্ম সমন্বয়কারীর পদ পেয়েছেন শাহিদ আলম, শফিকুল ইসলাম, কোকিল মিয়াসহ মোট ১০ জন। এ ছাড়া সদস্য পদ পেয়েছেন আরও ২৯ জন। 

আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলে এনসিপির অফিসিয়াল পেজে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আরিফুল দাড়িয়া বলেন, সংগঠনের সম্প্রসারণ ও কার্যক্রম গতিশীল করতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৫ সালের ৪ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল ফেসবুক পেজে টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ ২০টি উপজেলা সমন্বয় কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। সেই ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ার সমন্বয় কমিটি ঘোষণা করল দলটি। 
 

আরও পড়ুন

×