ব্যানার-পোস্টার অপসারণে প্রার্থীদের সচেতন কার্যক্রম
সিলেট শহরের চৌহাট্টায় এখনও পোস্টার অপসারণের কাজ শুরু করেননি অনেক প্রার্থী সমকাল
সিলেট ব্যুরো ও সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনী এলাকায় থাকা সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ শুরু করেছেন সিলেট ও সুনামগঞ্জের দুটি আসনের সম্ভাব্য প্রার্থীরা। অনেক স্থানে এখনও বিভিন্ন নেতার পোস্টার থাকলেও তাদের মাঝে ভিন্ন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ, সুনামগঞ্জ-১ আসনের আনিসুল হক এবং সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনির। তারা নিজ দায়িত্বে যথাসময়ে পোস্টার-ব্যানার নামানোর কাজ শুরু করেছেন। এ বিষয়ে নেতারা জানান, তারা শিগগিরই নিজেদের সব সামগ্রী অপসারণ করবেন।
সিলেটের ৬টি আসনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচারসামগ্রী অপসারণ শুরু করেছেন নির্দেশনা পাওয়ার পর। তাদের মাঝেও অনেকে এখনও নীরব। তবে নিজ দায়িত্বে আগেভাগেই কাজ শুরু করেছেন সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী এমরান আহমেদ।
গত বুধবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্ভাব্য প্রার্থীদের তপশিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে বা দায়িত্বে পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা ও নির্বাচনী ক্যাম্পসহ সব প্রচারসামগ্রী অপসারণ করতে বলা হয়।
ওই নির্দেশের পর পরই সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরীসহ অনেকেই তাদের প্রচারসামগ্রী অপসারণ কাজ শুরু করেছেন। তবে নগরীর অনেক এলাকায় সম্ভাব্য অনেক প্রার্থীর ব্যানার, বিলবোর্ড এখনও আগের মতো রয়ে গেছে। চৌহাট্টা এলাকায় সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের ব্যানার-পোস্টার ঝুলতে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন শিগগির তারা এগুলো অপসারণ করবেন।
সিলেট-৪ আসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যানার, ফ্যাস্টুন খুলতে দেখা গেছে। সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী নির্দেশনা পালনে নিজেই অপসারণ করছেন নিজের ছবি-নামসংবলিত ব্যানার-ফেস্টুন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের সব নির্দেশের প্রতি বিএনপির প্রার্থীরা শ্রদ্ধাশীল।
সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির নির্বাচনী তপশিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান রেখে নিজের লাগানো পোস্টার নিজেই অপসারণ শুরু করেন। একইভাবে নিজের নির্বাচনী পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী আনিসুল হক।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, চিঠি দেওয়ার পরপরই প্রার্থীদের কেউ কেউ নিজ দায়িত্বে পোস্টার অপসারণের কাজ শুরু করেছেন।
তিনি আরও বলেন, আচরণবিধি-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরপরই, বিএনপি জামায়াতে ইসলামীর প্রার্থীরা নিজেদের নির্বাচনী সামগ্রী সরানোর কাজ শুরু করেছেন। যা ইতিবাচক। ।
- বিষয় :
- পোস্টার
