ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চার দিন পর হাঁস ফেরত পেলেন গৃহবধূ

চার দিন পর হাঁস ফেরত পেলেন গৃহবধূ
×

গৃহবধূকে ফিরিয়ে দেওয়া হচ্ছে হাঁস। ছবি: সমকাল

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০০:১৫

বরিশালের আগৈলঝাড়ায় ঋণের কিস্তি দিতে না পারায় এক গৃহবধূর বাড়ি থেকে চীনা হাঁস ধরে নিয়েছিলেন এনজিওর মাঠকর্মী। সেই হাঁস চার দিন পর শনিবার তাঁকে ফেরত দিয়েছেন এনজিওটির কর্মকর্তারা। একই সঙ্গে সরেজমিন তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করেছেন তারা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সদস্য। ওই এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নেন তিনি। ৯ ডিসেম্বর তাঁর শেষ কিস্তির এক হাজার ৩২০ টাকা দেওয়ার কথা ছিল। এনজিওটির মাঠকর্মী ফিরোজ খান কিস্তির জন্য এলে দিতে পারবেন না জানিয়ে পাশের বাড়ি চলে যান হাফিজা। এ সময় ফিরোজ খান বাড়ির উঠান থেকে ধাওয়া করে চীনা হাঁস ধরে নিয়ে যান। 

এ বিষয়ে ১১ ডিসেম্বর দুপুরে হাফিজা খানম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। সমকালে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়। 

শনিবার দুপুরে টিএমএসএসের গৌরনদী শাখার ব্যবস্থাপক মো. রাজেক ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো. আরাফাত ও মো. সুজন মিয়া ফুল্লশ্রী গ্রামে গিয়ে হাফিজা খানমের কাছে হাঁসটি বুঝিয়ে দেন।

ওই গৃহবধূ বলেন, তাঁর স্কুলপড়ুয়া মেয়ের খুব শখের ওই হাঁসটি। ফেরত পেয়ে সবাই খুশি হয়েছেন।

টিএমএসএসের শাখা ব্যবস্থাপক মো. রাজেক ইসলাম বলেন, ধরে নিয়ে যাওয়া হাঁসটি চার দিন পর শনিবার দুপুরে ফেরত দিয়েছি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করেছেন। তারা মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্তও করেন।

আরও পড়ুন

×