ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বরিশালে দুই যুবকের মরদেহ উদ্ধার

বরিশালে দুই যুবকের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

বরিশাল ব্যুরো ও বাকেরগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১৯:১২

বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুর উপজেলায় বৃহস্পতিবার দুই যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। বাকেরগঞ্জে নিহত ব্যক্তির নাম সাকিব হাওলাদার (২৫)। উজিরপুরে উদ্ধার করা মরদেহের পরিচয় এখনও জানা যায়নি।

নিহত সাকিব পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রামের জসিম হাওলাদারের ছেলে।

তার স্বজনরা জানিয়েছেন, সাকিব পেশায় অটোরিকশা চালক। তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানিয়েছে, বরিশাল-কুয়াকাটা মহাসড়কে কাঠেরপুল নামক স্থানে সড়কের পাশে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। বিকেল পর্যন্ত নিহতের পরিবার থানায় কোনও অভিযোগ দেয়নি।

অন্যদিকে উজিরপুর উপজেলার ওটরা গ্রামে খালে অজ্ঞাত (৩২) এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মরদেহটি খালে ভাসতে দেখেন। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানিয়েছেন, মরদেহের শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×