ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুষ্কৃতকারীরা সারাদেশে অঘটন ঘটাচ্ছে: রিজভী

দুষ্কৃতকারীরা সারাদেশে অঘটন ঘটাচ্ছে: রিজভী
×

ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৪:০৭

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন স্থানে যেভাবে অঘটন ঘটাচ্ছে, রক্তপাত ঝরাচ্ছে– তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? অপরাধীকে ধরতে হবে। পুলিশ প্রশাসনকে আরও তৎপর হয়ে কাজ করতে হবে।

গত রোববার রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চর মনসা গ্রামে বিএনপি নেতা বেলাল হোসেনের পোড়া বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রিজভী বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আজ যদি দুষ্কৃতকারীরা পার পেয়ে যায়, তাহলে এই সমাজে অন্ধকার নেমে আসবে। চট্টগ্রামে  বিএনপি নেতাকে গুলি, হাদি হত্যাকাণ্ড আর লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতা বেলালের ঘরে আগুন– সব একই সূত্রে গাঁথা। কেউ না কেউ কলকবজা নাড়ছে। হয়তো রাজনৈতিক দলের নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তিও হতে পারে। কারণ তারা চায় না নির্বাচন হোক। 

বিএনপির এই নেতা আরও বলেন, সারাদেশে অস্থীতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা ও তার দোসরা। পুলিশ ও প্রশাসনের সর্বক্ষেত্রে এখনও শেখ হাসিনার দোসর রয়ে গেছে। দেশে-বিদেশে বসে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

এর আগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে দগ্ধ বিএনপি নেতা বেলালকে দেখতে যান তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাঁর হাতে  নগদ টাকা তুলে দেন। এ সময় চিকিৎসা ও ঘর নির্মাণের ব্যবস্থা করার আশ্বাস দেন দলের যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। 

গত শুক্রবার রাতের খাবার খেয়ে বেলাল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বেলালের ঘুমন্ত শিশুকন্যা আয়েশা বেগম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর দগ্ধ দুই মেয়ে সালমা আক্তার ও সামিয়া আক্তার বীথিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আরও পড়ুন

×