ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ

পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশির সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবল ইমতিয়াজ হোসেনের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ১ লাখ ২০ হাজার ইয়াবা গায়েব ও ইমতিয়াজকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠায় স্বপ্রণোদিতভাবে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন। আদালত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি দক্ষিণকে ঘটনা তদন্ত করে ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, ইয়াবাসহ পুলিশ সদস্য আটকের ঘটনার তারিখে ঘটনাস্থলে কোন কোন পুলিশ সদস্য কর্মরত ছিল, চেকপোস্টেও ডিউটি রেজিস্ট্রারসহ ডিজি, সিসি কপি সংগ্রহ করা। ঘটনাস্থলের সিসিটিভি ফুজেট সংগ্রহ করা, তল্লাশি হয়েছিল কিনা এবং তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা বিস্তারিত তদন্ত করতে হবে।  

অভিযুক্ত পুলিশ সদস্য ইমতিয়াজ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের বাবলু মিয়ার ছেলে। তিনি কক্সবাজার জেলা আদালতের এক বিচারকের গানম্যান হিসেবে কর্মরত। 
সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ৮ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ২টার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকায় বাকলিয়া থানা অংশে ঢাকাগামী একটি বাসে তল্লশি চালায় পুলিশ। বাসটি ওইদিন রাত ১০টায় কক্সবাজার থেকে ছেড়ে আসে। তল্লাশির সময় সন্দেহভাজন হিসেবে ইমতিয়াজ হোসেন নামে এক যাত্রীকে আটক করে সড়কের পাশে পুলিশ বক্সে নেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯টি বাক্সে থাকা এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এক পর্যায়ে আটক ব্যক্তি পুলিশের কনস্টেবল পরিচয় দেন। পরে দর কষাকষির মাধ্যমে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ ইয়াবা জব্দ না করে ইমতিয়াজকে ছেড়ে দেন। এ সময় ঘটনাস্থলে বাকলিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, এএসআই সাদ্দামসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে পুলিশ সদস্য ইমতিয়াজ হোসেন ও বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদকে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।

আরও পড়ুন

×