ময়মনসিংহে দিপু দাস হত্যায় আরও ৬ জন গ্রেপ্তার
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ০৫:৪৪
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।
এ নিয়ে দিপু হত্যার ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৮।
গ্রেপ্তার ছয়জন হলো– তাকবির (২২), রুহুল আমিন (৪২), নূর আলম (৩৩), মো. শামীম মিয়া (২৮), সেলিম মিয়া (২২) ও মো. মাসুম খালাসী (২৩)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং ভালুকায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার ছয় আসামি ঘটনার দিন কারখানার ভেতরে শ্রমিক ও কর্মচারীদের উস্কানি দেয়। তারা স্লোগান দিয়ে উত্তেজনা ছড়িয়ে দেয় এবং দিপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে চাপ সৃষ্টি করে। জড়িত অন্যদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড’ কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসের ওপর হামলা চালায় উত্তেজিত জনতা। গণপিটুনিতে তাঁর মৃত্যু হলে মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাঁর অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করে।
পরদিন নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন।
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- ময়মনসিংহ
- ভালুকা
- গ্রেপ্তার
