ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে যাওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর ২ শ্রমিকের লাশ উদ্ধার

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে যাওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর ২ শ্রমিকের লাশ উদ্ধার
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৩:২১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৩:২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে যৌথ ডুবুরি দল। শুক্রবার বিকেল সাড়ে চারটায় নৌ পুলিশ, কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা যৌথভাবে অভিযান চালিয়ে বাল্কহেডের ডেকের ভেতরে আটকে থাকা দু’জনের মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার ভোর ছয়টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বেসরকারি ডক ইয়ার্ডের সামনে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে গেলে দুই শ্রমিক নিখোঁজ হয়।

জেলা নৌ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১৬ যাত্রীবাহী লঞ্চ বুড়িগঙ্গা নদীর ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় এসে একটি বেসরকারি ঘাটের পাশে নোঙর করে রাখা বালুভর্তি একটি বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটির অর্ধেক অংশ পানির নিচে তলিয়ে যায়। তিনি জানান, নোঙর করে রাখা বাল্কহেডের ডেকের কেবিনের ভেতরে পাঁচজন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্য থেকে ৩ শ্রমিক লাফিয়ে নদীতে পড়ে। পরে তারা সাঁতরে তীরে উঠলেও দুই শ্রমিকের কোনো সন্ধান মিলছিল না।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী লঞ্চটি নোঙর করে থাকা বাল্কহেডটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হয়। খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে নামে। বিকেল তিনটার পর তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় বেসরকারি তিনজন ডুবুরি। তারা সম্মিলিতভাবে ডুবে যাওয়া বাল্কহেডের  ভেতরে ঢুকে বিকেল সাড়ে চারটায় পটুয়াখালীর বাসিন্দা জহিরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা মোহাম্মদ হাসানের (২০) মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ  উদ্দিন জানান, দুর্ঘটনায় নিখোঁজ দু’জনের মরদেহ বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারের পর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×