টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৩:২২
কক্সবাজারের টেকনাফে র্যাবের মাদকবিরোধী অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।
র্যাব জানায়, ৭ জানুয়ারি সিপিসি-১ টেকনাফের বাহারছড়ায় নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পানের বরজে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি সাদা পলিথিনের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভেতর থেকে ১০টি প্যাকেটে বিশেষ কায়দায় মোড়ানো মোট ৫০০টি বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের প্রতিটিতে ২০০ পিস করে মোট এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাবের মিডিয়া অফিসার আ. ম. ফারুক বলেন, এ ঘটনায় মোহাম্মদ হাকিম (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
