ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা, দাবি শিক্ষার্থীদের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ এনে শিবির সমর্থিত প্যানেলের সংবাদ সম্মেলন সমকাল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৮:১৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ | ১২:৪২
| প্রিন্ট সংস্করণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন পরিকল্পিতভাবে বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ প্যানেলের প্রার্থীরা।
গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ তুলে ধরেন তারা। এ সময় তারা নির্বাচন নিয়ে নাটক বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস পদপ্রার্থী মেহেদী হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের প্রাণের দাবি হলো ব্রাকসু নির্বাচন। এটি আমাদের অধিকার এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরার প্ল্যাটফর্ম। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একের পর এক নির্বাচন কমিশনের পদত্যাগ, নতুন কমিশন গঠন ও পুনরায় পদত্যাগের মাধ্যমে নির্বাচনকে ঘিরে একটি পরিকল্পিত নাটক মঞ্চায়ন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, চারবার নির্বাচনের তপশিল ঘোষণা করা হলেও প্রতিবারই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা বা প্রশাসনিক জটিলতার অজুহাতে নির্বাচন স্থগিত করা হয়েছে। কমিশন এখন বলছে অল্প সময়ে সব কাজ করা সম্ভব নয়। কিন্তু গত ১৮ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত কেন কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে সময়ক্ষেপণ করা হলো, তার দায়ভার কমিশনকেই নিতে হবে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগকে ‘তথাকথিত অজুহাত’ হিসেবে উল্লেখ করে প্রার্থীরা দাবি করেন, এটি নির্বাচন বানচালেরই একটি অংশ।
সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ব্রাকসু নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা বা নাটক সহ্য করা হবে না। যদি এবারও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন না করা হয়, তবে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হবে। প্রার্থীরা অবিলম্বে কোনো প্রকার ‘যদি-কিন্তু’ ছাড়াই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান।
