রাবির ভর্তি পরীক্ষা
এআইয়ে উত্তর খোঁজা শিক্ষার্থীসহ আটক ৪
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ০৩:১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার সময় একজনকে আটক করা হয় রাবির জগদীশচন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষ থেকে। শুক্রবার বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সি ইউনিটের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মো. শামস আজমাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে লাবিব বিন মাহবুবকে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে আটক আরেক পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় শুক্রবার বেলা ১১টা থেকে। পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন হলের পর্যবেক্ষক। তিনি দেখতে পান মোবাইল ফোন ব্যবহার করে তিনি চারটি ছবি তুলে এআই অ্যাপে ব্যবহার করার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়। দিব্য জ্যোতি সাহা নামে এ পরীক্ষার্থীর বাসা ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন বলে জানা গেছে।
চার পরীক্ষার্থীর আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঢাকা থেকে দুজনকে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দুজনকে ডিভাইসসহ আটক করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই পাঁচটি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
- বিষয় :
- রাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- আটক
