গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ নিহত ৩
প্রতীকী ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ০০:০৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তেতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সাইফান সিকদার (০৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।
মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সজিব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষা করতে বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে দাদি রাহেলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হন। রাহেলা বেগম ও ইরান শিকদার ঘটনাস্থলে মারা যান। আর সাইফান গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
- বিষয় :
- গোপালগঞ্জ
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত
