ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট, ক্যাম্পাসে বিক্ষোভ

শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট, ক্যাম্পাসে বিক্ষোভ
×

ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ২১:১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রোববার হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। একই দাবিতে রাজধানীতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 

তবে শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শিবির সমর্থিত দুর্বার ও সাস্টিয়ান ঐক্য প্যানেল এবং স্বতন্ত্র প্যানেল সাধারণের ঐক্যস্বরের প্রার্থীরা। পরে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত প্যানেল। 

এ সময় ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, নির্বাচন কমিশন কর্তৃক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব নির্বাচন বন্ধ করার নামে শাকসু নির্বাচনকে ছাত্রদল টার্গেট করেছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবির মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে। সবকিছুর পর আবারও যখন প্রার্থীরা প্রচারণায় মনোনিবেশ করেছেন, এখন তাদের কেন্দ্রীয় নেতারা শাকসু বন্ধসহ তিন দফা দাবি জানাচ্ছেন।
 
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে উল্লেখ করে শাকসু নির্বাচন স্থগিত চেয়েছেন রিটকারী। এতে বলা হয়, বর্তমান অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়। 

রিট আবেদন ও কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ের খবরে শিক্ষার্থীরা দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হন এবং পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। 

তবে শাকসু ও হল সংসদ নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন। রোববার কমিশনের পক্ষ থেকে ভোটারদের জন্য ও গণমাধ্যমের জন্য নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়িয়েছে। ফলে রোববার রাত ৯টা পর্যন্ত প্রচারণার সময় পান প্রার্থীরা। 

উচ্চ আদালতে রিটকারী মমিনুর রশিদ শুভর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভি না করায় বক্তব্য এবং রিটের সর্বশেষ অবস্থা জানা যায়নি। 

রোববার শাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ তাঁর এক ফেসবুক পোস্টে বলেন, ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। এই প্যানেল ছাত্রদলের কোনো একক প্যানেল নয়। এখানে  অর্ধেকের মতো স্বতন্ত্র প্রার্থীও আছে। এই প্যানেলের ভিপি হিসেবে স্পষ্টভাবে জানাতে চাই, আমরা সবাই শাকসুর পক্ষে এবং শাকসু চাই। কেউ বা কারা যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় বা নিতে চায়, আমরাও তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো। আমরা ২০ তারিখে শাকসু আদায় করে ছাড়ব।’

আরও পড়ুন

×