ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়তে চান সৈয়দ ফয়সল

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়তে চান সৈয়দ ফয়সল
×

মাধবপুরের ইটাখোলায় শনিবার তরুণদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ মো. ফয়সল সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৮

| প্রিন্ট সংস্করণ

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল। গতকাল শনিবার বিকেলে মাধবপুরের ইটাখোলায় স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি। 

সৈয়দ মো. ফয়সল সেখানে বলেন, ‘চুনারুঘাট ও মাধবপুর উপজেলাকে সব দিক থেকে উন্নত করতে চাই। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেব।’ 

মতবিনিময়কালে তাঁর সঙ্গে সৈয়দ ইশতিয়াক আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। সৈয়দ ইশতিয়াক আহমেদ এদিন ধানের শীষের প্রচারে আন্দিউড়া ও নোয়াপাড়ায় গণসংযোগ করেন। তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া এদিন বিকেলে মাধবপুর পৌরসভায় বিএনপি নেতারা লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোটপ্রার্থনা করেন। 

জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান শনিবার বহরা ইউনিয়ন ও মাধবপুর পৌরসভার কয়েকটি সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে যান। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন তিনি ছাতিয়াইন ইউনিয়নে আয়োজিত ঐতিহ্যবাহী রাখাল উৎসবে অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সৈয়দ শাহজাহান বলেন, ‘বিএনপি সব ধর্ম ও মতের মানুষের দল। আমরা সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়নের রাজনীতি করতে চাই।’
এবারের জাতীয় নির্বাচনের প্রচারণা বেশ জমে উঠেছে জানিয়ে সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও সার্বিক ভবিষ্যৎ চিন্তা করে জনসাধারণ ধানের শীষে ভোট দিতে আগ্রহী হচ্ছেন। তিনি মনে করেন, সৈয়দ মো. ফয়সল দল-মত নির্বিশেষে সবার অভিভাবক হিসেবে কাজ করেন বলেই এমন আগ্রহ বাড়ছে। 
 

আরও পড়ুন

×