বরিশাল-৬
ইউএনও-এএসপির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন স্বতন্ত্র প্রার্থীর
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মো. কামরুল ইসলাম খান
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১৯:০৭
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মো. কামরুল ইসলাম খান। তিনি ইউএনও এবং এএসপিসহ বাকেরগঞ্জ উপজেলার সকল ফাঁড়ি ইনচার্জদের ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ দাবি করেছেন। সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
কামরুল ইসলামের অভিযোগ, ইউএনও রুমানা আফরোজ দেড় বছর ধরে বাকেরগঞ্জে কর্মরত। তিনি উপজেলা ও পৌরসভা প্রশাসকের দায়িত্বে রয়েছেন। এ দুটি প্রতিষ্ঠানে উন্নয়ন কাজ করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের সঙ্গে তার সখ্যতা হয়েছে। নির্বাচনে কারও পক্ষে তার কাজ করার সন্দেহ রয়েছে। দুই মাস আগে সারাদেশে ইউএনও রদবদল হলেও বাকেরগঞ্জে হয়নি।
তিনি অভিযোগ এনে বলেন, সার্কেল এএসপি মাসুম বিল্লাহর স্থায়ী ঠিকানা বাকেরগঞ্জের সীমানা সংলগ্ন পটুয়াখালীতে। তার অনেক আত্মীয়-স্বজন বাকেরগঞ্জে বাস করেন। তাকে কেন, কি কারণে এপ্রিলে বাকেরগঞ্জে পদায়ন করা হয়েছে বোধগম্য নয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ফাঁড়ি ইনচার্জরা ২০২৪ সালের ৫ আগস্টের পর পদায়ন হয়েছেন। তাদের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের সখ্যতা রয়েছে। এই ফাঁড়ি ইনচার্জদের দিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরপেক্ষতা সম্ভব নয়।
অভিযোগের বিষয়ে বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজ বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। একজন প্রার্থী দাবি তুলতেই পারেন। এটা তার বিষয়।’
- বিষয় :
- ইউএনও
- এএসপি
- বরিশাল-৬
- বাকেরগঞ্জ
- স্বতন্ত্র প্রার্থী
