চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকসম্রাটদের কাছ থেকে কোনো টাকা খাইনি: হাসনাত
ছবি : সমকাল
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৪৩
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা কিছু করলে জনগণের আদালতে দাঁড়াতে হবে। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদকসম্রাটদের কাছ থেকে কোনো টাকা খাইনি, তাই এসব অবৈধ ব্যবসায়ীদের কাছে আমরা দায়বদ্ধ নই।
মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আগের নেতারা নির্বাচনের জন্য টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মাদকসম্রাটদের ওপর নির্ভর করতেন। আর আমার ১১ দলীয় জোট সাধারণ জনগণের ওপর নির্ভর করি।
তিনি বলেন, আগামী ১২ তারিখ ইনশাআল্লাহ মাদকসম্রাটদের শেষ দিন। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই তাদের মাদক ব্যবসার শেষ দিন হয়ে যাবে। দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ ও মাদকসম্রাট একসঙ্গে থাকতে পারে না। ১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িত সকলের চূড়ান্ত পরিণতি হয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দেবিদ্বারে অনেক চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক ব্যবসায়ী এখন দিশেহারা—তারা কীভাবে জীবন চালাবে, সেই চিন্তায় আছে। যাদের কর্ম করে খাওয়ার অভ্যাস নেই, যারা এভাবে মিটিং-মিছিল করে ধান্দাবাজি করে খেয়েছে, তাদের অভ্যাস হয়ে গেছে। তারা লজ্জা না রেখে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো।
হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা আমার পক্ষে প্রতিদিন কমপক্ষে ১০টি করে ভোট চাইবেন। আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন। নির্বাচনে দুটি ভোট দেবেন—একটি শাপলা প্রতীকে, আরেকটি ‘হ্যাঁ’ ভোট। আগামীর বাংলাদেশ বিনির্মাণ ‘হ্যাঁ’ ভোটের ওপর নির্ভর করে গড়ে উঠবে।
নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলেহ উদ্দিন, জয়নাল আবেদিন, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক, জামায়াত নেতা কাজী সবুজসহ জামায়াত–এনসিপির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
- বিষয় :
- হাসনাত আবদুল্লাহ
- এনসিপি
- কুমিল্লা-৪
