ভোটকেন্দ্রের কাছে ঘাসের ক্ষেতে মিলল ১০টি বোমাসদৃশ বস্তু
কুমারখালীর বানিয়াকান্দি বাজারে বুধবার দুপুরে উদ্ধারের পর বালতিতে রাখা বোমাসদৃশ বস্তু। সমকাল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১০
কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০ গজ পশ্চিমে অবস্থিত নেপিয়ার ঘাস ক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার ঘেষে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বাজারের পাশেই নেপিয়ার ঘাসের ক্ষেত। সেখানে দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান মুখ বাঁধা দুটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করেন। তারা প্রশাসনকে খবর দিলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা গিয়ে দুটি ব্যাগ থেকে লাল টেপ পেঁচানো ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেন। পরে এগুলো নিষ্ক্রিয় করা হয়। এদিকে ভোটের আগের দিন কেন্দ্রের মাত্র ২০ গজ দূর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী। তারা নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান।
দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বানিয়াকান্দি বাজার সড়কের ওপর কয়েকটি বালতিতে রাখা রয়েছে বোমসদৃশ বস্তুগুলো। সেখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য কাজ করছেন। আশপাশে ভিড় করে আছেন উৎসুক জনতা। এ সময় রাজমিস্ত্রি ফরিদ খান বলেন, ঘাসের ভেতরে মুখ বাঁধা একটি ব্যাগ দেখে ভয় পেয়ে স্থানীয়দের খবর দিই। পরে কয়েকজন এসে আরও একটি ব্যাগ দেখে প্রশাসনকে খবর দেন। স্থানীয় বাসিন্দা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহিন বলেন, ভোটে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এমন অপকর্ম করেছে। এতে আতঙ্কিত এলাকাবাসী ও ভোটাররা। নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানান তিনি।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে বানিয়াকান্দি ভোটকেন্দ্রের সামনে কাছে দুটি ব্যাগ থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা করা হয়। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
- বিষয় :
- কুষ্টিয়া
- বোমাসদৃশ বস্তু
