হাতিয়ায় হান্নান মাসউদের কর্মীদের ওপর হামলা
সংঘর্ষে সাংবাদিকসহ এনসিপি-বিএনপির ৩০ নেতাকর্মী আহত
হাতিয়ায় বৃহস্পতিবারের সংঘর্ষে আহত কয়েকজন নেতাকর্মী
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:২২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩০
হাতিয়ায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে সাংবাদিকসহ এনসিপি-বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাইরে এসব হামলার ঘটনা ঘটে।
এর মধ্যে চরঈশ্বর বাংলা বাজার কেন্দ্রে পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে হান্নান মাসউদের গাড়িবহরে থাকা বিটিভির রিপোটার মিরাজ উদ্দিনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। তারা মিরাজের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। তার সঙ্গে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককে পিটিয়ে আহত করা হয়েছে।
একই ধরনের ঘটনা ঘটেছে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওছখালী বাজারে। এই কেন্দ্রে হান্নান মাসউদের সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মো. ফয়সালের ওপর হামলা হয়েছে। আবদুল কাদের অভিযোগ করেন, হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের শামীমের সমর্থক।
এছাড়া হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জনের মতো লোক এসেছেন চিকিৎসা নিতে। তাদের মধ্যে চারজন ভর্তি আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।
হাসপাতালে ভর্তি হওয়া কর্মী-সমর্থকদের দেখতে আসেন হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। তিনি আহত রোগীদের খোঁজ-খবর নেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এই সময় তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হামলায় উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।
অভিযোগের ব্যাপারে হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামছুল তিব্রিজ জানান, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের ওপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারণে অনেক লোককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, কয়েকটি জায়গায় হামলা হয়েছে বলে শুনেছেন। তিনি নিজেও নির্বাচনের দায়িত্বে ব্যস্ত সময় পার করছেন। পরবর্তীতে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- এনসিপি
- হান্নান মাসউদ
