একুশের প্রথম প্রহরে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪৭
একুশের প্রথম প্রহরে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে জেলা প্রশাসনের পক্ষে প্রথম পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা।
এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. আবু ইউসুফ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
স্থানীয় সংসদ সদস্য এয়ার ভাইস মর্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার প্রধান নির্বাচন সমন্বয়কারী মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলামসহ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই), বিভিন্ন সরকারি, আধা-সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে ফুলে ফুলে ভরে ওঠে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার।
এভাবে একুশের প্রথম প্রহর থেকে একে একে করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকল শ্রেণি ও পেশার মানুষ।
- বিষয় :
- পটুয়াখালী
- শহীদ মিনার
- শ্রদ্ধা
