ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক বিঘা জমির সব শসা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

এক বিঘা জমির সব শসা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
×

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের বাসিন্দা কৃষক মোবারক হোসেনের এক বিঘা জমির শসা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সকালে পরিচর্যা করতে গিয়ে এই দৃশ্য দেখতে পান ওই কৃষক।
শনিবার ক্ষতিগ্রস্ত কৃষকের শসা ক্ষেত পরিদর্শন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন। এ সময় কৃষক মোবারক হোসেনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এই বিএনপি নেতা। 

মোবারক হোসেন জানান, রমজানকে টার্গেট করে উজিলাব গ্রামের ন্যাশনাল পোলট্রির পাশে শসা চাষ করেছিলেন তিনি। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক– সব খরচ বহন করেন ধারদেনা করে। গাছের প্রতিটি পাতার গোড়ায় শসা ধরেছে। কিন্তু শত্রুতা করে কে বা কারা সব গাছ কেটে ফেলেছে। এতে তাঁর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ক্ষেতের পাশেই একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠে খেলতে এসে কিশোররা শসা ক্ষেতের ক্ষতি করে আসছিল। তাদের বারবার নিষেধ করেছেন। ধারণা করা হচ্ছে, খেলতে আসা কিশোররাই ক্ষুব্ধ হয়ে রাতের বেলায় গাছগুলো কেটে ফেলেছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানান, ওই কৃষককে পরবর্তী ফসল ফলানোর সময় কৃষি অফিস থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। 

আরও পড়ুন

×