ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চোরাচালানবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার ডিবি

চোরাচালানবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার ডিবি
×

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

গরু চোরাচালান ও অবৈধ লেনদেনের অভিযোগে কলমাকান্দায় অভিযান চালিয়েছেন নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মী। একপর্যায়ে ডিবি পুলিশের একটি দল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতভর অভিযানে নগদ টাকা, গরু, মাদকদ্রব্য জব্দ ও ১৫ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সুপার তরিকুল ইসলামের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কলমাকান্দার রংছাতি ইউনিয়নের তেরোতোফা গ্রামে অভিযান চালায়। স্থানীয় রুস্তম আলীর ছেলে সারফুল ইসলামের বাড়িতে ভারতীয় গরু চোরাচালান ও বড় অঙ্কের অবৈধ লেনদেন হচ্ছে– এমন তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। অভিযানকালে গণমাধ্যমকর্মী জালাল উদ্দিন ও শ্যামল বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করলে বাড়ির লোকজন উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে ডিবি পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে রাখে। হামলায় এসআই আব্দুল জলিল, এসআই শওকত, এএসআই আবুল কালামসহ ডিবির কয়েকজন সদস্য এবং সাংবাদিক শ্যামল বিশ্বাস আহত হন। খবর পেয়ে কলমাকান্দা-থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ ডিবি সদস্য ও গণমাধ্যমকর্মীদের উদ্ধার করে। অভিযানের প্রথম দফায় চারজনকে আটক করা হয়। পরে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও কলমাকান্দা-থানা পুলিশ পুনরায় সাঁড়াশি অভিযান চালায়। দ্বিতীয় দফার অভিযানে আরও ১১ জন নারী-পুরুষকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ও ঘটনাস্থলে তল্লাশি করে নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল মাদক, ২০টি নিষিদ্ধ ট্যাবলেট এবং একটি নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কলমাকান্দা থানার পরিদর্শক সজল সরকার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 
 

আরও পড়ুন

×