ভৈরবে শরীফুল আলম
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো কম্প্রোমাইজ নয়
শরীফুল আলম
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩৫
| প্রিন্ট সংস্করণ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনো কম্প্রোমাইজ না করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি। গতকাল শুক্রবার কিশোরগঞ্জের ভৈরবে এক মতবিনিময় সভায় এমন ঘোষণা দেন তিনি। পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশনা দিয়েছেন। ভৈরব থেকে মাদক ও ছিনতাই বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাসযোগ্য ভৈরব গড়ে তুলতে চাই। আমার নির্বাচনী এলাকাকে সারাদেশে মডেল হিসেবে গড়ে তুলব। ভৈরব-কুলিয়ারচর শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে। শিক্ষার মানোন্নয়নে যে কোনো সহযোগিতা করব।’
এ ছাড়া ভৈরবের হাজি আসমত কলেজে দ্রুত সময়ের মধ্যে মাস্টার্স চালু, এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, নির্মাণাধীন ট্রমা হাসপাতাল ও ১০০ শয্যা হাসপাতালকে দ্রুত সময়ে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন শরীফুল আলম। তিনি বলেন, ‘কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য এই জায়গায় আসি নাই। আমি সর্ব মানুষের ভালোবাসায় এমপি হয়েছি। নির্বাচনের পর ভৈরবে বিরোধী দলের সঙ্গে কোনো সমস্যা হয়নি। সমস্যা হবেও না।’
ভৈরবের ইউএনও কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার তপন সরকার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- আইনশৃঙ্খলা বাহিনী
