ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে গুলি, নারী-শিশুসহ গুলিবিদ্ধ ১৫

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে গুলি, নারী-শিশুসহ গুলিবিদ্ধ ১৫
×

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ২১:১৬ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ২১:৪০

মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে মিনু বেগম ও মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে তিনজনকে রাতেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পূর্ব বিরোধের জেরে স্থানীয় হারুন খান ও মান্নান খানের সঙ্গে একই এলাকার মিজান খানের বাগবিতণ্ডা হয়। এ সময় মান্নান বন্দুক দিয়ে মিজানকে আঘাত করেন। বিষয়টি জানাজানি হলে মিজানের বাবা খোরশেদ খান মান্নানকে গালিগালাজ করলেন। এতে মান্নান ক্ষিপ্ত হয়ে দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে রাত সাড়ে ৯টার দিকে মিজানের বাড়িতে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এ সময় বাড়িতে থাকা মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খা, মোস্তাকিম, ইদ্রিস খান ও সাফি বেগম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মান্নানের লোকজন ফাকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে আহতদের স্বজন ও স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে রাতেই শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এছাড়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জয়তুন বেগম ও মিনু বেগমকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, পূর্ব বিরোধের জের ধরে একই বংশের লোকজনের মধ্যে দ্বন্দ্বের সূত্র ধরে ঘটনাটি ঘটেছে। এ সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

তিনি জানান, ঘটনার পর পরই সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জড়িত তিনজনকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- হারুন খান, মান্নান খান ও মহসিন খান। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও ৮২ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে সোমবার সকাল থেকে ঘটনাস্থলে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

×