ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘এত দ্রুত রক্তের স্রোত, মানুষের অশ্রু ভুলে যাইয়েন না’

‘এত দ্রুত রক্তের স্রোত, মানুষের অশ্রু ভুলে যাইয়েন না’
×

মজিবুর রহমান মঞ্জু

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

জুলাই সনদ কোনো আদালতে চ্যালেঞ্জ করা হবে না; এমনকি কাউকে করতেও দেওয়া হবে না– এটা সব দলের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। ঐকমত্য কমিশনের বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হয়েছিলেন বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, ‘এত দ্রুত রক্তের স্রোত ভুলে যাইয়েন না। এত দ্রুত মানুষের অশ্রুকে ভুলিয়েন না।’

গতকাল সোমবার দুপুরে ফেনী শহরের কিং কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা সবাই কথা দিয়েছিলাম– আমরা জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করব না, চ্যালেঞ্জ করতে দেব না এবং কোনো প্রশ্ন তুলতে দেব না। কিন্তু আপনারা দেখেছেন; এটা আদালতে গিয়েছে এবং এটার সঙ্গে যে বিএনপি জড়িত– বিষয়টা এখন ওপেন সিক্রেট।’

তিনি বলেন, ‘সুতরাং জুলাই সনদকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন, আপনারা যদি বলেন যে, এটা সংবিধানে নেই; তাহলে তো বলতে হয়, আপনারা যে গুম হয়েছেন– সেটাও তো সংবিধানে নেই। সংবিধানের কোন অংশবলে খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়েছিল? সংবিধানের কোন অংশবলে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশান্তরী করা হয়েছিল? আপনারা সংবিধানের কোনো অনুচ্ছেদে গুমও হন নাই; জেলেও যান নাই; দেশান্তরীও হন নাই এবং সাংবিধানিকভাবে দেশে ফিরেও আসেন নাই। আপনারা দেশে ফিরে আসছেন সংবিধানবহির্ভূত গণঅভ্যুত্থানের মাধ্যমে। আপনারা জেল থেকে মুক্তি পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বদলে।’

ক্ষমতাসীনদের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘এত দ্রুত রক্তের স্রোত ভুলে যাইয়েন না। এত দ্রুত মানুষের অশ্রুকে ভুলিয়েন না। আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আপনারা সশরীরে গণঅভ্যুত্থানে অংশ নেন নাই। অংশ নিতে পারেন নাই। কিন্তু গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা আছে। আপনারা সশরীরে অংশ নেন নাই বলে আজ আপনাদের পদক্ষেপ গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে। এই যে বিপক্ষে আপনারা অবস্থান নিচ্ছেন, জাতি তা মনে রাখবে।’
এবি পার্টির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তী সরকার সব দল-মতের মানুষকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়ে সাধুবাদ পেয়েছেন। কিন্তু প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা ছিল অমার্জনীয়। হাদি হত্যাকাণ্ডসহ নানা ধরনের ঘটনা সরকারের বড় ব্যর্থতা। গত সরকার সুস্পষ্টভাবে বিএনপির পক্ষে হেলে গিয়েছিল এবং বিএনপি চেয়ারম্যানকে অতিরিক্ত প্রটোকল দিয়ে জনগণকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে, যেটা অপরাধ।
সভায় এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার আহ্বায়ক আহছান উল্যাহ, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক প্রমুখ অংশ নেন।

আরও পড়ুন

×