বিগত সরকারের দুর্নীতিতে দেশ আজ ধ্বংসের মুখে: গণপূর্ত প্রতিমন্ত্রী
আহম্মদ সোহেল মনজুর
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৯:৩৬
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। তারা দেশের অর্থনীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, পিরোজপুর জেলায় সবচেয়ে বেশি দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, যেখানে কোনো কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী মাদকের ব্যাপারে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। মাদক সেবনকারী ও কারবারিদের শনাক্ত করতে পিরোজপুর জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ডোপ টেস্টের ব্যবস্থা করার নির্দেশনা দেন। তিনি স্পষ্ট করে বলেন, মাদকসংশ্লিষ্ট কেউ যেন কোনোভাবেই ছাড় না পায়।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা সরকারি কোনো দপ্তরে সময় নষ্ট করবেন না এবং কোনো সালিশি ব্যবস্থার সঙ্গে জড়িত হতে পারবেন না।’ এ ছাড়া প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত প্রকাশের জন্য একটি ‘মতামত বক্স’ স্থাপনের নির্দেশ দেন।
সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ করেন। পরে তিনি পৌর শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন ও নতুন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালাদার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বর্ণালী দেব নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন।
- বিষয় :
- পিরোজপুর
