ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মেয়েকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিল বখাটেরা

তিন আসামি গ্রেপ্তার

মেয়েকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিল বখাটেরা
×

 সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

সিংড়ায় বিধবা মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে বখাটেরা। গত রোববার সন্ধ্যায় উপজেলার ইটালী ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী অভিযোগ দিলে পুলিশ তিন আসামিকে আটক করে। 

প্রধান আসামি ইমান আলীর বাবা আইয়ুব আলী, ইমান আলীর চাচাতো ভাই রাব্বি হোসেন এবং রুবেল হোসেন। আটক আসামিরা খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। 
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, খোলাবাড়িয়া গ্রামের ফটিক সরদারের (৫০) মেয়ে সেতু খাতুনকে একই গ্রামের ইমান আলীসহ কয়েকজন বখাটে রাস্তাঘাটে ইভটিজিং করছিল। মেয়ে বাধ্য হয়ে বাবা ফটিক সরদারকে জানালে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রোববার রাতে ফটিক সরদারকে এলোপাতাড়ি মারধর করে তাঁর হাত ভেঙে দেওয়া হয়। আহত ফটিক সরদারকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগী সেতু খাতুন বলেন, গত দুই মাস আগে তাঁর স্বামী মারা যান। বর্তমানে তিনি বাবার বাড়িতে থাকেন। তাঁর দুটি শিশু সন্তান আছে। ইমান আলী নামের বখাটে তাঁকে রাস্তায় বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলে। তিনি সহ্য করতে না পেরে বাবাকে জানান। বাবা ইমানকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমান তাঁর কিছু সহযোগীসহ তাঁর বাবাকে দেশীয় অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে হত্যা করার উদ্দেশ্যে মারধর করে। 

অভিযোগ প্রসঙ্গে ইমান আলী জানায়, ফটিক সরদার তার খালু। তার মা খালার (ফটিকের) বাড়িতে গেলে টাকার হিসাব নিয়ে ঝামেলায় মাকে গালাগাল করেন খালু। বাড়িতে পৌঁছে মা গালাগালির ঘটনা জানালে রাগের মাথায় খালুকে চড় থাপ্পড় মেরেছেন। ইভটিজিং-এর ঘটনা সম্পূর্ণ মিথ্যা। 

আরও পড়ুন

×