ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতীকী ছবি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১১:৪৬ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১২:৫৫
ফরিদপুরের ভাঙ্গায় টোল ফাঁকি দিয়ে চলাচলকারী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা ধান গবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম কামাল শেখ (৪৫)। সে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্ৰামের রাজ্জাক শেখের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে মোটরসাইকেলটি হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের আন্ডারপাস অতিক্রম করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওসি আরও জানান, এছাড়াও টোল ফাঁকি দিয়ে চলাচলকারী যানবাহন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের আত্মীয় জাহিদ সিকদার জানান, কামাল শেখ ভুষি মাল ও মৎস্য ব্যবসায়ের সঙ্গে যুক্ত ছিলেন। দুইদিন আগেই স্ত্রী নিয়ে ওমরা হজ পালন করে দেশে ফিরেছেন। আজ সকালে মৎস্য ব্যবসায়ের কাজে ভাঙ্গা মাছের আড়তে নিজ মোটরসাইকেলযোগে গিয়েছিলেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বগাইল টোল প্লাজার টোল ফাঁকি দিয়ে বড় বড় বাস, ট্রাক সহ যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে। যার ফলে প্রতিদিনই একই স্থানে দুর্ঘটনা ঘটছে। গতকয়েক মাসে ৪ জনের মৃত্যুসহ অসংখ্য মানুষ আহত হয়েছেন। অথচ, টোল কর্তৃপক্ষ ও পুলিশের উদাসীনতার কারণে সুযোগ সন্ধানী চালককেরা এই অবৈধ সুবিধা নিচ্ছে।
- বিষয় :
- ভাঙ্গা
- ফরিদপুর
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- এক্সপ্রেসওয়ে
