ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পল্লিকবি জসীম উদ্‌দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

পল্লিকবি জসীম উদ্‌দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
×

ফরিদপুর অফিস  

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৭:৫৩

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল পল্লিকবি জসীম উদ্‌দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল সাড়ে ৮টায় ফরিদপুর শহরের অম্বিকাপুরে অবস্থিত কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন। এ ছাড়াও কবির সমাধিতে শ্রদ্ধা জানায় জেলা পুলিশ‌, ফরিদপুর ফাউন্ডেশন, ফরিদপুর প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং কবি পরিবারের প্রতিষ্ঠিত আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পল্লিকবি জসীম উদ্‌দীনের সাহিত্যকর্ম, গ্রামীণ জীবনচিত্র এবং মানবিক মূল্যবোধ তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যে গ্রামীণ জীবনের সহজ-সরল সৌন্দর্য, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ ও সংস্কৃতিকে কবিতায় জীবন্ত করে তুলেছিলেন জসীম উদ্‌দীন। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের জন্য আজও অনুপ্রেরণার উৎস। 

আলোচনায় অংশ নেন জসীম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি। বক্তারা নতুন প্রজন্মকে কবির জীবন ও সাহিত্য থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। 
সভায় জসীম ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, পল্লিকবি জসীম উদ্‌দীনের জীবন ও সাহিত্য নিয়ে ‘মৃত্যুঞ্জয় কবি’ নামে একটি গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। বইটি প্রকাশিত হলে নতুন প্রজন্ম কবির জীবন, দর্শন ও সাহিত্যকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবে। অনুষ্ঠান শেষে কবির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

আরও পড়ুন

×