‘সরকারের ভালো কাজে সমর্থন আর জনবিরোধী কাজের প্রতিবাদ করব’
রফিকুল ইসলাম খান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ০৭:৪২
| প্রিন্ট সংস্করণ
বিরোধীদলীয় হুইপ সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। নেতিবাচক নির্বাচনী সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই তাঁর দল নির্বাচনে প্রতিকূলতার পরেও জাতীয় সংসদে যোগ দিয়েছে। তিনি বলেন, ‘জয়ী হলে নির্বাচন সুষ্ঠু আর হারলে কারচুপি–এই প্রথা ভাঙতে চাই আমরা। প্রকৃত বিরোধী দল হিসেবে সরকারের ভালো কাজে যেমন সমর্থন দেব, তেমনি জনবিরোধী কাজের প্রতিবাদও করব গণতান্ত্রিক উপায়ে।’
সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে উল্লাপাড়া উপজেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ার সার্বিক উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, উল্লাপাড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে এসব কাজ বাস্তবায়নে তিনি গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, ‘উল্লাপাড়াকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।’
সাংবাদিকদের ‘সমাজের দর্পণ’ হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় হুইপ বলেন, ‘পথ চলতে গিয়ে আমি যদি কোনোভাবে পথভ্রষ্ট হই বা ভুল করি, তবে আপনারা নিঃসংকোচে আমার ভুল ধরিয়ে দেবেন। সমাজের সত্য তুলে ধরতে আপনাদের ভূমিকা অপরিসীম।’ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তিনি সব দলমতের মানুষের সহযোগিতা চান।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজান আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর, নজরুল ইসলাম, আব্দুস ছাত্তার, হাফিজুর রহমান বাবলু, রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা উল্লাপাড়ার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
- বিষয় :
- প্রতিবাদ
