চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ মারা গেছেন
আনোয়ারুল আজিম আরিফ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ১৫:২৬ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ | ১৫:৪০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য ও জনসংযোগ শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে বাদ আসর সাতকানিয়ার ইছামতিকুলে উজির আলী চৌধুরী মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। তিনি ১৫ জুন ২০১১ থেকে ১৪ জুন ২০১৫ পর্যন্ত চার বছর দায়িত্ব পালন করেন। এর আগে ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫১ সালের ১ মে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ইছামতিকুলে জন্মগ্রহণ করেন অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।
- বিষয় :
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- উপাচার্য
- মৃত্যু
