স্বাধীনতা দিবসে প্রথমবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির
প্রথমবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ২০:২৪
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে প্রথমবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকাল ৬টায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি মহান আল্লাহর দরবারে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন।
এসময় দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এ সময় উপস্থিত ছিলেন।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান সবাইকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা প্রদান করে বলেন, আলহামদুলিল্লাহ। আমির এ সময় আরও বলেন আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছি আমাদের বীর শহীদদের প্রতি।
জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন টিকে থাকে। এই দেশের মানুষের ওপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এবং ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ।
উল্লেখ্য বিগত দিনে স্বাধীনতা দিবসে জামায়াতের কোনো আমিরকে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- জামায়াত আমির
